খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩

পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাছিরপুর এলাকার মো. আনারুল ইসলাম কালুর বাড়িতে অভিযান চালানো হয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়িতে আনারুল ইসলাম কালুকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিভিন্ন স্থান থেকে মোট ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার নারীকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান বলেন, মাদক নির্মূল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসাসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, বন্ধ দুই কারখানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, বন্ধ দুই কারখানা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, বর্তমান মজুরি কাঠামোতেই শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হয়ে আর্থিক সংকটের কারণে জেলার দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে শহরের চাষাড়া, শিবু মার্কেট, বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, এসআরবি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ব্যাপক টহল দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের পরিবেশ ঐতিহ্যগতভাবেই শান্ত। এখন পর্যন্ত জেলায় বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় বিজিবির সাত প্লাটুন সদস্য টহল দিচ্ছেন। পাশাপাশি রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তায় পুলিশের ৫৭০ জন সদস্য মোতায়েন রয়েছেন এবং এসআরবির চারটি দল নিয়মিত টহল দিচ্ছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জোন-৪-এর পুলিশ সুপার আব্দুল আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জের শ্রমিকরা ঐতিহ্যগতভাবেই যথেষ্ট সচেতন। কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও শ্রমিকদের সচেতনতায় শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাই নিজ নিজ কাজে নিয়োজিত রয়েছেন। এরপরও সুযোগসন্ধানীরা যাতে কোনো ধরনের ফায়দা নিতে না পারে, সে জন্য শিবু মার্কেট ও বিসিক এলাকাসহ শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে সামান্যতম বিশৃঙ্খলাকেও গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, দুটি পোশাক কারখানা বন্ধের বিষয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বর্তমান মজুরি কাঠামোতেই দুটি প্রতিষ্ঠান কারখানা পরিচালনা করতে পারছে না। আর্থিক সামর্থ্য না থাকায় তারা কারখানা বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে মজুরি বোর্ড আরও বেতন বৃদ্ধি করলে কারখানাগুলো সচল রাখা অসম্ভব হয়ে পড়বে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মজুরি বোর্ডের বৈঠকে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে ভবিষ্যতে বৈঠক বর্জনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন তারা। একতরফাভাবে অতিরিক্ত হারে বেতন বাড়ানো হলে মালিকদের পক্ষে কারখানা টিকিয়ে রাখা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তিতারপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ নেতা ইমাদ সিকদারের নেতৃত্বে বের হওয়া এ মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে তিতারপাড়া এলাকায় আকস্মিকভাবে মিছিলটি বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই মিছিলটি এগিয়ে যায়।

এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান জানান, মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ নগরীতে সুরুজামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজামান ওই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই বাবুল মিয়া একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ছোট মেয়েকে নিয়ে মুজিব মার্কেট থেকে জুতা কিনে বাড়ি ফিরছিলেন সুরুজামান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হাসপাতালে ভাইয়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতের বড় ভাই বাবুল মিয়া। ভাইকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। কখনো বুক চাপড়ে, আবার কখনো বিলাপ করে আহাজারি করছিলেন। তার কান্নায় হাসপাতালের মর্গ এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় উপস্থিত স্বজন ও সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।

তবে এ হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম